সাম্প্রতিক সংঘাতের গভীর ক্ষত এবং তীব্র আঞ্চলিক উত্তেজনার মাঝেই ইরানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। বুধবার দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে লাখো ইরানি মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।
এ সময় রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন প্রধান শহরে বিশেষ জামাতের আয়োজন করা হয়। ঈদুল আজহা ইসলাম ধর্মের পবিত্র উৎসবগুলোর একটি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মতো ইরানেও দিনটি সরকারি ছুটি হিসেবে পালিত হয়।
রাজধানীর তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত । নামাজে ইমামতি করেন আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি। ঈদের জামাতে রাজনৈতিক, সামরিক এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারাও অংশ নেন। এসময় ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি শান্তি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয় ইরানের বিভিন্ন মসজিদে।
এবারের ঈদ এমন এক সময়ে উদযাপন করলো ইরান, যখন দেশটি সাম্প্রতিক সংঘাতের অভিঘাত থেকে পুনরুদ্ধারের চেষ্টা করছে। গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একের পর এক হামলায় ইরানের জনজীবনে গভীর প্রভাব ফেলেছে। সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতি, অর্থনীতি এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও চাপ তৈরি হয়েছে। তবুও সব অনিশ্চয়তা ও যুদ্ধের ক্ষত বুকে নিয়েই ধর্মীয় উৎসবের চেতনায় ঐক্য এবং ধৈর্যের বার্তা নিয়ে ঈদুল আজহা উদযাপন করেছে ইরানের জনগণ।
আল রাজীব/ আয়না নিউজ