| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফার ময়দান

  • আপডেট টাইম: 26-05-2026 ইং
  • 4213 বার পঠিত
‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফার ময়দান

সৌদি আরবের পবিত্র আরাফাতের ময়দান আজ (মঙ্গলবার) ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে উঠেছে। ইসলামের অন্যতম প্রধান ফরজ ‘ওকুফে আরাফা’ পালনের জন্য সেখানে সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো হাজি। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সেলাইবিহীন সাদা ইহরাম পরিধান করে তাঁরা দোয়া, জিকির ও ইবাদতে সময় কাটাচ্ছেন।

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক’—এই পবিত্র ধ্বনিতে আজ পুরো আরাফাতের পরিবেশ আধ্যাত্মিক আবেশে ভরে উঠেছে। এর অর্থ—“আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমার, সমস্ত সাম্রাজ্যও তোমার।”

হজ ব্যবস্থাপনা সূত্রে জানা গেছে, এ বছর প্রায় ১৫ লাখ ১৮ হাজার ১৫৩ জন হাজি হজ পালন করছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে গেছেন প্রায় ৭৯ হাজার ধর্মপ্রাণ মুসল্লি।

হজের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ৮ জিলহজ মিনায় অবস্থানের পর হাজিরা আজ ৯ জিলহজ সকালে আরাফাতের উদ্দেশ্যে রওনা হন। ইসলামী বিধান অনুযায়ী, আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল ফরজ। সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করে হাজিরা আল্লাহর কাছে ক্ষমা, রহমত ও মাগফিরাত কামনায় মগ্ন থাকেন। অনেকেই পবিত্র ‘জাবালে রহমত’ এলাকায় গিয়ে বিশেষ দোয়ায় অংশ নেন।

হজযাত্রীদের নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতে সৌদি আরব কর্তৃপক্ষ এবার নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আকাশে ড্রোন নজরদারি এবং স্থলপথে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এছাড়া এবারের হজে আরাফাতের ঐতিহাসিক খুতবা বিশ্বের ৫০টিরও বেশি ভাষায় অনুবাদের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে বিভিন্ন দেশের হাজিরা সহজে তা বুঝতে পারেন। এবারের খুতবা প্রদান করছেন মসজিদে নববির ইমাম শায়খ আলী আল-হুজাইফি।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪