বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর নতুন অ্যাডহক কমিটি আজ (সোমবার) বিকেল ৩টায় গুরুত্বপূর্ণ বোর্ড সভায় বসছে। সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের এই কমিটির এটি তৃতীয় সভা হলেও এবার মূল আলোচ্য বিষয় হতে যাচ্ছে আসন্ন নির্বাচন।
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পূর্ববর্তী বোর্ড ভেঙে দেওয়ার পর গত মাসে দায়িত্ব নেয় অ্যাডহক কমিটি। তাদের অন্যতম প্রধান দায়িত্ব হলো ৯০ দিনের মধ্যে বিসিবি নির্বাচন সম্পন্ন করা।
সভায় নির্বাচন কমিশন গঠন, নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। পাশাপাশি জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স, আসন্ন পাকিস্তান সিরিজ এবং ঢাকা প্রিমিয়ার লিগ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিসিবির এই সভাকে কেন্দ্র করে ক্রিকেট অঙ্গনে আগ্রহ বাড়ছে, কারণ নির্বাচনের রূপরেখাই এবার বোর্ডের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করবে।
হাফিজ/ আয়না নিউজ