বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক আলোচনায় বিতর্ক থাকা স্বাভাবিক ও প্রয়োজনীয় হলেও অপপ্রচার, মিথ্যা তথ্য এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কখনোই গ্রহণযোগ্য নয়।
শনিবার (২ মে) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছরের বেশি সময়ের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে দেশের মানুষ পরিবর্তনের একটি সুযোগ পেয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে নতুনভাবে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি ‘জুলাই সনদ’ ও সংবিধান সংশোধন নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে বলেন, এসব বিষয়ে মতপার্থক্য থাকা স্বাভাবিক হলেও কিছু বিষয়কে ঘিরে অপপ্রচার চালানো হচ্ছে, যা দুঃখজনক।
বিএনপি মহাসচিব দাবি করেন, জুলাই সনদ প্রণয়ন ও আলোচনার সময় তাদের দলও যুক্ত ছিল এবং যেসব বিষয়ে একমত হয়নি, সেগুলোতে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া হয়েছিল। তিনি বলেন, নির্বাচনের পর সংসদে নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান সংশোধনের সিদ্ধান্ত নেবেন—এটাই তাদের অবস্থান ছিল।
তিনি আরও অভিযোগ করেন, কিছু বিষয়কে রাজনৈতিক স্বার্থে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে, যা সত্যের পরিপন্থী।
আলোচনা সভায় শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
হাফিজ/ আয়না নিউজ