ব্রাজিলের রিও ডি জেনেইরোতে কোপাকাবানা সৈকতে আয়োজিত ‘তোদো মুন্দো নো রিও’এর বিশাল কনসার্টের অবকাঠামো তৈরির কাজ চলাকালীন এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। কনসার্টের মঞ্চ তৈরির সময় দুর্ঘটনায় এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। তবে এই দুর্ঘটনার ফলে নির্ধারিত কনসার্টের সূচিতে কোনো পরিবর্তন আসবে কি না, তা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
কনসার্টটির আয়োজক সংস্থা ইনস্টাগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, মঞ্চের কাঠামো বসানোর সময় যান্ত্রিক ত্রুটির কারণে ওই কর্মী গুরুতর আহত হলে ঘটনাস্থলে উপস্থিত প্রাথমিক চিকিৎসক দল তাকে সহায়তা করার চেষ্টা করে এবং দ্রুত দমকল বাহিনীর অ্যাম্বুলেন্সে করে মিগুয়েল কৌতো মিউনিসিপ্যাল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার ।
আরও পড়ুন-
প্রত্যক্ষদর্শী আন্তোনিও মার্কোস ফেরেইরা দস সান্তোস জানান, হঠাৎ করেই সমুদ্রসৈকতে হুড়োহুড়ি শুরু হলে তারা দেখেন একটি বিশালাকার কাঠামো ধসে পড়ছে এবং তার নিচে এক ব্যক্তি চাপা পড়ায় উপস্থিত সকলে তাকে টেনে বের করার চেষ্টা করছে। লিফটিং সিস্টেম বা ভারী বস্তু তোলার যন্ত্রের নিচে চাপা পড়ে ওই শ্রমিকের শরীরের নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
কোপাকাবানা সৈকতে রিও ডি জেনেইরোর মেয়রের ঘোষণা অনুযায়ী এই বার্ষিক জনসমাবেশে এবার প্রধান আকর্ষণ হিসেবে শাকিরার উপস্থিত থাকার কথা জানানো হয়েছে। । কনসার্টের আগেই এই মর্মান্তিক ঘটনায় আয়োজক কর্তৃপক্ষ নিহতের পরিবার এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
এফএ/ আয়না