সম্মিলিত প্রচেষ্টার ফলে দেশে হাম রোগ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন, সরদার সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, একসময় হাম পরিস্থিতি বেশ উদ্বেগজনক ছিলো, তবে চিকিৎসক ও সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগে এখন তা নিয়ন্ত্রণের মধ্যে এসেছে। এ বিষয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে, এমনকি একটি চীনা দলের সঙ্গেও আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি নিজের শৈশবের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, আগে ধারণা ছিল জন্মের পর একবার হাম বা জলবসন্ত হওয়া স্বাভাবিক।
শিশুর পুষ্টির ক্ষেত্রে মায়ের বুকের দুধের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমানে অনেক মা ব্রেস্টফিডিংয়ে আগ্রহ হারাচ্ছেন, যা উদ্বেগজনক।
সিজারিয়ান অপারেশনের হার বৃদ্ধির কথাও উল্লেখ করে তিনি বলেন, এতে শিশুর শারীরিক দুর্বলতা ও ঝুঁকি বাড়তে পারে। মাতৃগর্ভে থাকা অবস্থায় শিশুর পুষ্টি গ্রহণের ধারাবাহিকতা বজায় রাখতে জন্মের পর বুকের দুধ অত্যন্ত জরুরি।
পুষ্টিকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী আহবান জানান, তারা যেন ঘরে ঘরে গিয়ে মায়েদের বুকের দুধ খাওয়ানোর বিষয়ে সচেতন করেন। কর্মজীবী নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যস্ততার মাঝেও শিশুকে অন্তত দিনে দুইবার বুকের দুধ খাওয়ানো সম্ভব।
এছাড়া সমাজ থেকে মাদক দূরীকরণে অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, সন্তানদের সন্ধ্যার পর বাইরে থাকার বিষয়ে নজরদারি বাড়াতে হবে। তিনি প্রশ্ন তুলে বলেন, পাখিরা যখন নীড়ে ফিরে, তখন আমাদের সন্তানরা বাইরে থাকে কেন?
হাফিজ/ আয়না নিউজ