দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। ২১ এপ্রিল সকাল আটটা থেকে আজ ২২ এপ্রিল সকাল আটটা পর্যন্ত এসব মৃত্যুর হয়। একই সময়ে নতুন করে ১ হাজার ২২৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৪ জন এবং চট্টগ্রাম বিভাগে ১ জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ জনে। এছাড়া, একই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৩৮ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৯ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৩৪ জনে। অন্যদিকে, একই সময়ে মোট ২৭ হাজার ১৬৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারাদেশে মোট ১৭ হাজার ৯৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ১৪ হাজার ৮৯২ জন শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের সংক্রমণ রোধে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকার আহবান জানিয়েছেন।
হাফিজ/ আয়না নিউজ