বান্দরবান প্রতিনিধি : বান্দরবান সদরে ছয় রাবার শ্রমিককে অপহরণের পর বিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের দুর্গম হাতিরডেরা এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত শ্রমিকরা হলেন, নুরুল আফসার, মো. আরাফাত, ইসমাইল, করিম উল্ল্যাহ, রমিত ও সাকিব। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
রাবার বাগানের মালিক ইসমাইল জানান, প্রতিদিনের মতো কাজ শেষে শ্রমিকরা বাগানের ভেতরের ঘরে অবস্থান করছিলেন। এ সময় মুখোশধারী একদল সশস্ত্র দুর্বৃত্ত সেখানে হানা দেয়। তারা শ্রমিকদের মারধর করে চোখ বেঁধে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
তিনি আরও জানান, পরে দুর্বৃত্তরা ফোনে যোগাযোগ করে শ্রমিকদের অক্ষত অবস্থায় ফেরত দেওয়ার শর্তে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এদিকে স্থানীয় টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মায়াং ম্রো প্রদীপ বলেন, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে এবং অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে।
টংকাবতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদীপ বড়ুয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে অভিযান শুরু করা হয়েছে। অপহৃতদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। তবে এখনো ঘটনায় জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
হাফিজ/ আয়না নিউজ