রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে বনানী সেতু ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভূইয়া পরিবহনের একটি বাস এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় রাস্তা পারাপাররত এক পথচারীকে বাঁচাতে গিয়ে চালক হঠাৎ জোরে ব্রেক করেন। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা সড়কের সৌন্দর্যবর্ধনের কাজে নিয়োজিত ছিলেন। তবে এখনো নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে, তবে বাসচালক পালিয়ে গেছেন। পরিচয় শনাক্তের পর নিহতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
হাফিজ/ আয়না নিউজ