জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাসভাড়া সমন্বয় করে নতুন হার নির্ধারণ করেছে সরকার। এমনটাই জানালেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ ঘোষণা দেন।তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, নতুন নির্ধারিত ভাড়া কোনোভাবেই অমান্য করা যাবে না। যদি কোনো বাস মালিক বা পরিবহন সংস্থা এই সিদ্ধান্তের ব্যত্যয় ঘটায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং বাস মালিকরা তা মেনে চলার অঙ্গীকার করেছেন।
নতুন নির্ধারিত ভাড়ার হিসাবে প্রতি কিলোমিটারে বাসভাড়া বেড়েছে ১১ পয়সা। এর ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা হয়েছে, যা প্রায় ৪.৪৫ শতাংশ বৃদ্ধি।
এছাড়া দূরপাল্লার বাসের ক্ষেত্রে ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা হয়েছে, যা প্রায় ৫.১৯ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এলাকায় কিলোমিটার প্রতি ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা ৪.৭৪ শতাংশ বৃদ্ধি।
সরকার জানিয়েছে, নির্ধারিত ভাড়া বাস্তবায়নে নিয়মিত তদারকি করা হবে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
হাফিজ/ আয়না নিউজ