‘হাওয়া’ ছবির সাফল্যের পর মেজবাউর রহমান সুমনের নতুন চলচ্চিত্র ‘রইদ’মার্কিন যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে। চার বছর পর নতুন এই কাজ নিয়ে আবারও দর্শকদের সামনে তিনি। ইতোমধ্যে দেশের দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে ‘রইদ’-এর পোস্টার, ট্রেলার ও গান প্রকাশের পর।
সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘রইদ’ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রিমিয়ারের জন্য এশিয়ান ক্রসরোডস বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। আগামী ১৫ মে বিকেল ৫টা ৩০মিনিটে (যুক্তরাষ্ট্রে সময়) ও ১৬ মে দুপুর ২টা ৩০ মিনিটে (যুক্তরাষ্ট্রে সময়) উৎসবে দেখানো হবে ‘রইদ’। এর আগে মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম’-এর ৫৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশন’ এ অফিশিয়ালি নির্বাচিত হয় ‘রইদ’।
আরও পড়ুন-
বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই নতুন খবর রণবীর-দীপিকার
‘রইদ’ এক ব্যতিক্রমী মানবিক সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত হয়েছে। সিনেমাটির মূল কাহিনি সাধু এবং তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর জীবনসংগ্রামকে ঘিরে আবর্তিত হয়েছে। ছবির প্রধান দুই চরিত্রে নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান অভিনয় করেছেন। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে রয়েছেন। দেশের প্রেক্ষাগৃহে আগামী ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ‘রইদ’।
এফএ/ আয়না