| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের হামলা নিয়ে আরবদের রুদ্ধদ্বার বৈঠক

  • আপডেট টাইম: 26-03-2026 ইং
  • 153932 বার পঠিত
ইরানের হামলা নিয়ে আরবদের রুদ্ধদ্বার বৈঠক

উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে আরব দেশগুলো। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার (২৬ মার্চ) রুদ্ধদ্বার বৈঠক করেছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও চলমান সংকট মোকাবেলায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জিসিসির মহাসচিব জাসেম আল-বুদাইওয়ি জানিয়েছেন, সদস্য দেশগুলো স্পষ্টভাবে জানিয়েছে তারা কোনো সামরিক অভিযানে অংশ নেবে না এবং ইরানের বিরুদ্ধে হামলার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। বরং চলমান সংকট নিরসনে কূটনৈতিক পথকেই সবচেয়ে কার্যকর সমাধান হিসেবে দেখছে তারা।

তিনি বলেন, তেহরানকে হামলা বন্ধে উৎসাহিত করার আশায় জিসিসি দেশগুলো এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়নি। বরং গত কয়েক বছর ধরে তারা আঞ্চলিক উত্তেজনা প্রশমনে কাজ করে যাচ্ছে।

আল-বুদাইওয়ি উল্লেখ করেন, গত বছরের জুনে ইসরাইলের ইরান আক্রমণের সময়ও জিসিসি দেশগুলো ওই হামলার নিন্দা জানিয়ে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছিল।

বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি আংশিকভাবে অচল হয়ে পড়ায় বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে সতর্ক করেন তিনি। একইসঙ্গে জিসিসিভুক্ত দেশগুলোর জ্বালানি স্থাপনাগুলোতে হামলাকে বিশ্ব অর্থনীতির ওপর ‘নিষ্ঠুর আগ্রাসন’ হিসেবে অভিহিত করেন।

বিশেষ করে সৌদি আরব ও কুয়েতের প্রধান তেল শোধনাগারগুলো ইরানি হামলার লক্ষ্যবস্তু হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। তিনি বলেন, এই পরিস্থিতি শুধু আঞ্চলিক নয়, বরং একটি আন্তর্জাতিক সংকটে পরিণত হচ্ছে, যা ভবিষ্যতে আরও গুরুতর রূপ নিতে পারে।

জিসিসির পক্ষ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানানো হয়েছে ইরানকে একটি ঐক্যবদ্ধ বার্তা দিতে হবে, যাতে তারা অবিলম্বে ও নিঃশর্তভাবে হামলা বন্ধ করে।

তবে আল-বুদাইওয়ি স্পষ্ট করে বলেন, জিসিসির লক্ষ্য ইরানকে ধ্বংস করা নয়; বরং দেশটির সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা। তিনি সতর্ক করে বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতির আরও অবনতি হলে এর প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে।

সূত্র: আল জাজিরা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪