পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে বিরাজ করছে ধর্মীয় আবহ ও উৎসবের আমেজ। সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ঈদের জামাতে অংশ নেন লাখো মুসল্লি। নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় শুরু হয় পশু কোরবানির কার্যক্রম।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকাসহ দেশের জেলা ও উপজেলা পর্যায়ে কোরবানির পশু জবাই, মাংস প্রস্তুত ও বণ্টনের ব্যস্ততা দেখা গেছে। দেশের জেলা ও উপজেলা পর্যায়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সহমর্মিতার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব।
ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ বিশ্ব মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন এবং তারা ঈদের প্রকৃত শিক্ষা হিসেবে আত্মত্যাগ, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি বলেন, ঈদুল আজহা মানুষের ভেতরের হিংসা, বিদ্বেষ ও স্বার্থপরতা দূর করার শিক্ষা দেয়। তিনি কোরবানির আনন্দ সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান। মহান আল্লাহর প্রতি হযরত ইবরাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর আত্মসমর্পণ ও ত্যাগের ঘটনাকে মানবজাতির জন্য অনুকরণীয় আদর্শ বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কোরবানির মূল শিক্ষা কেবল পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং মানুষের ভেতরের লোভ-লালসা ও অন্যায় প্রবণতাকে দমন করাই এর আসল তাৎপর্য। সেই সাথে প্রধানমন্ত্রী এই বার্তাকে ব্যক্তি ও সমাজ জীবনে ধারণ করার আহ্বান জানান। তিনি বলেন, কোরবানি দেওয়ার সুযোগ পেয়েছেন, তারা যেন গরিব ও অসহায় মানুষের সঙ্গে মাংস ভাগাভাগি করেন। একই সঙ্গে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ, পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ এবং পরিচ্ছন্নতা বজায় রাখার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে তার কাছে সমর্পণের এই উৎসব আমাদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে এবং সত্য ও সুন্দরের পথে ধাবিত করবে।
যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য হয়েছে, তাদের প্রতি অসচ্ছল মানুষের সঙ্গে কোরবানির মাংস ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ এবং পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করার পাশাপাশি নিজেদেরও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
ঈদকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় প্রশাসন ও সিটি করপোরেশনের পক্ষ থেকে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
সূর্যয় / আয়না নিউজ