পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে দলীয় সিনিয়র নেতাদের নিয়ে বাবা-মার কবর জিয়ারত করেন তিনি।
বাবা-মায়ের কবর জিয়ারত শেষে বনানী কবরস্থানে গিয়ে ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী।
এর আগে সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া মুসল্লিদের জন্য পর্যাপ্ত ওজুখানা, মেডিকেল টিমসহ প্রয়োজনীয় সব ধরনের সুবিধা রাখা হয়েছিল। আয়োজকরা জানান, সাড়ে তিন হাজার নারীসহ প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয় জাতীয় ঈদগাহ ময়দানে। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় ঈদের এই প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহ মাঠকে সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছিল। মুসল্লিদের সুবিধার্থে ডিএসসিসির পক্ষ থেকে অজুখানা ও বিশেষ শেডসহ সব ধরনের প্রয়োজনীয় নাগরিক সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়।
সূর্যয় / আয়না নিউজ