বাংলাদেশের সংগীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা আবারও ফিরছেন চলচ্চিত্রের গানে। ছয় দশকের বেশি সময় ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া এই গুণী শিল্পী এবার কণ্ঠ দিয়েছেন নতুন একটি ছবিতে।
জানা গেছে, আবু হায়াত মাহমুদের পরিচালনায় নির্মিত ‘প্রিন্স’ সিনেমার একটি গানে শোনা যাবে রুনা লায়লার কণ্ঠ। দীর্ঘদিন প্লেব্যাক থেকে দূরে থাকার পর এই গান দিয়েই বড় পর্দার গানে ফিরছেন তিনি। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান।
যদিও গানটি নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি রুনা লায়লা, তবে ‘প্রিন্স’ টিম বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, খুব শিগগিরই গানটি প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই গানকে ঘিরে ইতোমধ্যে দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।