জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসান বলেছেন, স্থানীয় সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি না থাকলে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পরিণতি আরও ভয়াবহ হতে পারত।
শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের ফরিদাপাড়া এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শুক্রবার রাতের ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
নাঈম বলেন, যখন আমাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে ফেলা হয়, তখন আমি খুব ভয় পেয়েছিলাম। সেখানে প্রায় ১০০ থেকে ১২০ জন সমর্থক ও স্থানীয় মানুষ জড়ো হয়েছিলেন। তারা না থাকলে ঘটনাটি অন্য রকম হতে পারত। বিশেষ করে তাদের ধন্যবাদ জানাতে চাই। পুলিশ যখন আমাকে খুলশী থানায় নিয়ে যায়, তখনও তারা পাশে ছিলেন। লালখান বাজার থেকে খুলশী থানা পর্যন্ত আমার সঙ্গে গেছেন।
ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, ভবিষ্যতে যেন আর কারও সঙ্গে এমন ঘটনা না ঘটে, সে জন্য ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমি সাদাসিধে জীবনযাপন করি। পুলিশ চাইলে আমার জিনিসপত্র তল্লাশি করতে পারত। কিন্তু আমি বুঝতে পারিনি তারা আমার গলা চেপে ধরবে। এতে আমি আতঙ্কিত হয়ে পড়ি।
নাঈম আরও জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের হস্তক্ষেপের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে।
তিনি বলেন, তামিম ভাই ফোন দেওয়ার পর বিষয়টি গুরুত্ব পায়। তিনি যখন ওসি সাহেবের সঙ্গে কথা বলছিলেন, তখন আমি কথা বলতে চাইলে ওসি আমাকে আঙুল দেখিয়ে চুপ থাকতে বলেন।
ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলেও জানান জাতীয় দলের এই স্পিনার। তিনি বলেন, আমি এখন কিছুটা সময় একা থাকতে চাই।
এর আগে শুক্রবার রাতে ঢাকায় প্রিমিয়ার লিগের খেলা শেষে চট্টগ্রামে ফেরার পথে নগরের লালখান বাজার এলাকায় অটোরিকশা থেকে নামিয়ে তাকে মারধর ও হেনস্তার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। নাঈমের অভিযোগ, খুলশী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ও পুলিশের সোর্স পরিচয়ধারী সোহেল তাকে মারধর করে থানায় নিয়ে যান। পরে বিসিবির কর্মকর্তাদের হস্তক্ষেপে তিনি থানা থেকে মুক্তি পান।
ঘটনার পর এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া পুলিশের সোর্স সোহেলকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
একই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিএমপি। শনিবার দুপুরে নাঈম হাসানের বাসায় গিয়ে কমিশনার সাংবাদিকদের এসব তথ্য জানান।
হাফিজ/ আয়না নিউজ