পঞ্চগড় প্রতিনিধি: কারিগরি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনশক্তির সঙ্গে চাকুরীদাতা প্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের লক্ষ্যে পঞ্চগড়ে চাকুরী মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে কলেজ চত্বরে এ চাকুরী মেলা অনুষ্ঠিত হয়।
এতে জেলার বিভিন্ন খাতের ১৪টি চাকুরীদাতা প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় প্রায় ২৫০ জন চাকুরীপ্রার্থী অংশগ্রহণ করে বিভিন্ন প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত জমা দেন এবং সরাসরি সাক্ষাৎকারে অংশ নেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শঈমী ইমতিয়াজ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ আব্দুস সামাদ পুলক, পঞ্চগড় সেন্ট্রাল প্লাজার স্বত্বাধিকারী মোঃ মেহেদী হাসান খান বাবলা এবং পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) গৌরাঙ্গনাথ রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন ডালি।
প্রধান অতিথির বক্তব্যে শঈমী ইমতিয়াজ বলেন, “কারিগরি শিক্ষা শুধু সনদ অর্জনের জন্য নয়, কর্মসংস্থান সৃষ্টির জন্যও গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বে দক্ষ জনশক্তির চাহিদা ব্যাপক। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের কর্মক্ষেত্রের সঙ্গে সংযুক্ত করতে এ ধরনের চাকুরী মেলার বিকল্প নেই।”
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল মতিন ডালি বলেন, “শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মসংস্থানের মধ্যে সেতুবন্ধন তৈরি করতেই এই আয়োজন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কর্মমুখী করে তুলতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”
বদরুদ্দোজা প্রধান/ আল রাজীব/ আয়না নিউজ