সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে আসন্ন ঈদে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদ আয়োজনে গায়িকা হিসেবে গান শোনাবেন চিত্রনায়িকা শবনম বুবলী। পেশাদার কণ্ঠশিল্পী না হয়েও বুবলী অত্যন্ত চমৎকারভাবে গানটি গেয়েছেন আর এর মাধ্যমে সংগীতশিল্পী হিসেবে বুবলীর আত্মপ্রকাশ অন্যতম একটি বড় চমক।
প্রখ্যাত গীতিকবি কবির বকুলের কথায় গানটিতে সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বাইরে নির্মিত ইত্যাদির বিশাল সেটে গত ২৪ জানুয়ারি গানটির চিত্রায়ন করা হয়।
অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ, সিয়াম আহমেদ ও জান্নাতুল সুমাইয়া হিমি ইত্যাদি’র মঞ্চে এর আগে গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন। এবার সেই ধারাবাহিকতায় বুবলী ও ইমরানের যুগলবন্দি দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে এমনটাই প্রত্যাশা আয়োজক সংস্থার।
হানিফ সংকেত পরিচালিত ‘ইত্যাদি’তে বিশেষ পরিকল্পনা ও বৈচিত্র্যময় পরিবেশনা থাকে প্রতি বছরই। ফাগুন অডিও ভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গানের নির্মাণশৈলী, লোকেশন এবং শিল্পীদ্বয়ের গায়কী মিলিয়ে এই পরিবেশনাটিও পূর্বের মতো দর্শকপ্রিয়তা পাবে। ঈদের পরদিন রাত ৮টায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায় প্রচারিত হবে ‘ইত্যাদি’ ।