মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টিতে মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। গত বুধবার (৪ মার্চ) রাতে ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার ভোরে তাকে মুক্তি দেওয়া হয়।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে বেপরোয়া গতিতে একটি কালো বিএমডব্লিউ গাড়ি চলছিল খবরে ওয়েস্টলেক ভিলেজ এলাকায় গাড়িটি থামানো হলে চালকের আসনে ব্রিটনি স্পিয়ার্সকে পাওয়া যায়।
এ সময় দায়িত্বরত কর্মকর্তারা তার আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করে তাকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে পরীক্ষা করালে তার শরীরে মাদক ও অ্যালকোহলের উপস্থিতি পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তল্লাশিকালে তার গাড়ি থেকে অজ্ঞাত একটি দ্রব্য উদ্ধার করেছে পুলিশ, যা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এই ঘটনার পর ব্রিটনি স্পিয়ার্সের আইনজীবী ও প্রতিনিধিরা জানিয়েছেন, ব্রিটনি তার ভুল বুঝতে পেরেছেন এবং তিনি আইনি প্রক্রিয়া মেনে চলতে প্রস্তুত। জেলের পরিবর্তে তাকে পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর জন্য আদালতের কাছে আবেদন করবে তার টিম।
গ্রেপ্তার হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় অর্থবহ একটি পোস্ট করেছিলেন গায়িকা। লিখেছিলেন, ‘ইস, কাজটি আবার করলাম’ (Oops!... I Did It Again)। ভক্তরা ভেবেছিলেন হয়তো শখ করেই নিজের গাওয়া বিখ্যাত গানের একটি লাইন তুলে পোস্ট করেছেন ব্রিটনি। তবে এর সঙ্গে যে দুর্ঘটনার যোগ রয়েছে, প্রথমে কেউই তা আঁচ করতে পারেননি। এই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই পপ গায়িকা ইনস্টাগ্রাম প্রোফাইলটি ডিলিট করে ফেলায় ভক্তদের মধ্যে উদ্বেগ বেড়েছে।