ব্যক্তিজীবনের ভয়ংকর ঝড়,লাগাতার আইনি লড়াই,সমাজের তীক্ষ্ণ প্রশ্নবাণ পেরিয়ে দীর্ঘ নীরবতা ভেঙে বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী প্রস্তুত আবারও নিজের জায়গা ফিরে পেতে। অভিযোগ, বিতর্ক আর মানসিক লড়াইয়ে বলিউডের আলোঝলমলে জগৎ থেকে প্রায় অদৃশ্য হয়ে গিয়েছিলেন তিনি ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর। তবে বড় পর্দার চেনা ফ্রেমে নয়,ওটিটি প্ল্যাটফর্মের হাত ধরেই শুরু হলো তার প্রত্যাবর্তনের নতুন গল্প।
নেটফ্লিক্সের আসন্ন ওয়েব সিরিজ ‘ফ্যামিলি বিজনেস’-এ দেখা যাবে রিয়াকে। নেটফ্লিক্স এই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পাশাপাশি ট্রেলার প্রকাশে রিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বলিউডের দুই শক্তিশালী অভিনেতা অনিল কাপুর এবং বিজয় ভার্মা।
টিজার প্রকাশের পর থেকেই অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন রিয়া চক্রবর্তী। তবে ছয় বছরের বিরতির পর ‘ফ্যামিলি বিজনেস’ দিয়ে রিয়ার এই প্রত্যাবর্তন কতটা সাফল্য পায়, এখন সেদিকেই তাকিয়ে দর্শক ও ইন্ডাস্ট্রি। তবে কারও কারও মতে, তার এই প্রত্যাবর্তন আরও আগেই হওয়া উচিত ছিল।
২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজ ফ্ল্যাটে সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর সেই ঘটনার জেরে মাদককাণ্ডে নাম জড়িয়ে জেল খাটতে হয়েছিল রিয়াকে। সুশান্তের মৃত্যুর আগে মুক্তি পাওয়া ‘চেহরে’ সিনেমার পর আর কোনো কাজে তাকে দেখা যায়নি। এক সময় বিনোদন জগত থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে থাকা রিয়া অবশেষে সব বাধা কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টা করছেন।