বলিউড অভিনেতা আমির খান ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের পৈতৃক নিবাসে করেছেন আকস্মিক সফর। অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে অবসরের ঘোষণার রেশ কাটতে না কাটতেই আমিরের এই আকস্মিক সফর নিয়ে বিনোদন জগতে শুরু হয়েছে নতুন গুঞ্জন।
আজিমগঞ্জ-জিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ এই সফরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন,গত রোববার রাতে জিয়াগঞ্জের নিহালিয়া পাড়ায় অরিজিতের বাড়িতে রাত কাটিয়ে সোমবার রাতে মুম্বাই ফিরে যাওয়ার কথা রয়েছে। অরিজিতের বাড়ির চারপাশে আমিরের আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিওতে দেখা যায়, কড়া নিরাপত্তায়আমির খান অরিজিতের বাড়ির ছাদে হাসি মুখে ঘুড়ি ওড়াচ্ছেন এবং পার্শ্ববর্তী ছাদে প্রিয় তারকাকে একনজর দেখতে ভিড় জমান স্থানীয়দের হাত নেড়ে ভক্তদের অভিবাদনের জবাব দেন। সেখানে অরিজিৎ ও আমিরের মধ্যে কী আলোচনা হয়েছে, তা জানা যায়নি।
কয়েক দিন আগে অরিজিৎ সিং হঠাৎ করেই চলচ্চিত্র বা প্লেব্যাক সংগীত থেকে অবসরের ঘোষণা দিলে ভক্তদের মধ্যে হতাশা বিরাজ করায় আমির খানের এই ঝটিকা সফরকে সংশ্লিষ্টদের অনেকেই ভাবছেন অরিজিৎএর সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ হিসেবে।