নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে না চাওয়ার বিষয়টি আইসিসিকে জানানোর পরে কয়েক দফা আলোচনা শেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে বাংলাদেশের। প্রায় ৩ সপ্তাহ ধরে চলা আলাপের পর গতকাল (২৪ জানুয়ারি) আইসিসি জানিয়েছে, বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আইসিসির ঘোষণা আসার পরপরই বিসিবি পরিচালক আমজাদ হোসেন বলেছেন, ‘বিশ্বকাপ পুরো নিরাপত্তার বিষয়। এমনটা আগে কখনো হয়নি, নিরাপত্তার কারণে আমাদের ভারতে গিয়ে খেলা সম্ভব ছিল না। আমরা আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছি। তাই কোনো আইনি পথে যাচ্ছি না।
বোর্ড সভায় বিসিবি পরিচালকরা জানান, সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার আইসিসির মিটিং হবার পরেও তারা জানিয়েছেন সূচি বদল সম্ভব না। আর এ সিদ্ধান্তে ভারতে গিয়ে বাংলাদেশের খেলা সম্ভব হবে না।
বিসিবির পরিচালক আসিফ আকবর জানান, তথ্য, পররাষ্ট্র, যুব ও ক্রীড়া দেশের এই চারটি মন্ত্রণালয়ের সমন্বয়ে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল বাংলাদেশ নিরাপত্তা ঝুঁকির জন্য। আমরা কখনও বলিনি আমরা খেলতে চাইনি। সরকার থেকে বলা হয়েছে– আমরা নিরাপদ না।
পরিচালক আব্দুর রাজ্জাক বলেছেন, যেকোনো দেশেই সফরের ক্ষেত্রে রাষ্ট্রীয় অনুমোদন লাগে। সরকারের পক্ষ থেকে যেকোনো সফরেই আমাদের ক্লিয়ারেন্স নিতে হয় হোক তা বিশ্বকাপ। সরকার আমাদের সিদ্ধান্ত দিয়েছে, এটা আমাদের ফলো করতে হবে।