| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইতিহাসগড়া জয়ে বিশ্বকাপ মিশন শুরু যুক্তরাষ্ট্রের

  • আপডেট টাইম: 13-06-2026 ইং
  • 5739 বার পঠিত
ইতিহাসগড়া জয়ে বিশ্বকাপ মিশন শুরু যুক্তরাষ্ট্রের

নিজেদের মাঠে, নিজেদের সমর্থকদের সামনে দাপুটে জয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযান শুরু করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ইতিহাস গড়েছে মরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

১৯৯৪ সালের পর আবারও যুক্তরাষ্ট্রে ফিরেছে ফুটবল বিশ্বকাপ। সেই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে কোনো ভুল করেনি স্বাগতিকরা। ফোলারিন বালোগুনের জোড়া গোল, জিওভান্নি রেইনার একটি গোল এবং প্যারাগুয়ের একটি আত্মঘাতী গোলে বড় জয় তুলে নেয় মার্কিন দল।

এই ম্যাচে একাধিক রেকর্ডও গড়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে চার গোল করেছে তারা। একই সঙ্গে বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বড় ব্যবধানের জয়ও এটি। ২০২২ কাতার বিশ্বকাপে চার ম্যাচে যেখানে যুক্তরাষ্ট্রের মোট গোল ছিল মাত্র তিনটি, সেখানে এবারের আসরের প্রথম ম্যাচেই চারবার জালের দেখা পেল দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। মাত্র সপ্তম মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিচের তৈরি করা আক্রমণ থেকে প্যারাগুয়ের এক ডিফেন্ডারের আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বালোগুন।

প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন এই ফরোয়ার্ড। বিশ্বকাপে অভিষেক ম্যাচেই জোড়া গোল করে ইতিহাসে নাম লেখান তিনি। ১৯৩০ সালের পর কোনো মার্কিন ফুটবলারের বিশ্বকাপের এক ম্যাচে একাধিক গোল করার ঘটনা এটিই প্রথম।

বিরতির পর ক্রিশ্চিয়ান পুলিসিচকে আর মাঠে দেখা যায়নি। যদিও তার চোট নিয়ে তৎক্ষণাৎ কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দ হারালেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে যুক্তরাষ্ট্র।

৭৩তম মিনিটে প্রাদো মরিসিওর গোলে ব্যবধান কমায় প্যারাগুয়ে। তবে শেষদিকে জিওভান্নি রেইনা দুর্দান্ত এক টো-ফ্লিকে গোল করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন। এটি ছিল বিশ্বকাপে রেইনার প্রথম গোল।

প্রায় ৭০ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন কোচ মরিসিও পচেত্তিনোর অধীনে দলটির আক্রমণভাগের ধার এবং আত্মবিশ্বাস বিশ্বকাপের বাকি দলগুলোর জন্যও সতর্কবার্তা হয়ে থাকল।

বিশ্বকাপের শুরুতেই বড় জয় তুলে নিয়ে শিরোপার স্বপ্নে শক্ত বার্তা দিল স্বাগতিক যুক্তরাষ্ট্র। 

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪