বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানের সঙ্গে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যের অসদাচরণ ও নির্যাতনের অভিযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
শনিবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, শুক্রবার রাতে ঘটে যাওয়া এ ঘটনাকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। জাতীয় দলের একজন ক্রিকেটারের সঙ্গে এমন আচরণকে অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য উল্লেখ করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বোর্ড।
বিবৃতিতে বলা হয়, জাতীয় দলের একজন খেলোয়াড়ের সঙ্গে এ ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক। ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
বিসিবি আরও জানায়, ঘটনার খবর পাওয়ার পর থেকেই তারা নাঈম হাসান ও তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। পাশাপাশি বিষয়টির সুষ্ঠু সমাধানের লক্ষ্যে চট্টগ্রামের সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে খেলোয়াড়দের কল্যাণ, মর্যাদা ও অধিকার রক্ষায় বিসিবির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে নাঈম হাসানের ঘটনায় পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার রাতে চট্টগ্রামে ডিবি পরিচয়ে কয়েকজন ব্যক্তির হাতে হয়রানি ও মারধরের শিকার হওয়ার অভিযোগ করেন জাতীয় দলের এই স্পিনার। বিষয়টি নিয়ে দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ