ঘরোয়া ক্রিকেটে নতুন আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট যুক্ত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ’ নামে এই প্রতিযোগিতাটি আয়োজন করবে ঢাকা মহানগর ক্রিকেট কমিটি (সিসিডিএম)। আট দলকে নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের পূর্ণ সূচি ও ফরম্যাট ইতোমধ্যে প্রকাশ করেছে বিসিবি।
বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সিসিডিএম চ্যালেঞ্জ কাপ। ২০২৫–২৬ মৌসুমের প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ না নেওয়া আটটি দলকে নিয়েই এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।
লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মোট ২৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। টুর্নামেন্টে কোনো সেমিফাইনাল পর্ব থাকছে না। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল সরাসরি ফাইনালে উঠে শিরোপার জন্য লড়বে।
প্রতিটি দলে থাকবেন ১৫ জন ক্রিকেটার ও একজন স্ট্যান্ডবাই খেলোয়াড়। পাশাপাশি দলীয় ব্যবস্থাপনায় থাকবেন একজন ম্যানেজার, প্রধান কোচ, সহকারী কোচ, ফিজিওথেরাপিস্ট এবং টিম বয়।
টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মোট ছয়টি ভেন্যুতে— পিকেএসপি ১ ও ২ নম্বর মাঠ, পূর্বাচলের জাতীয় ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি), পূর্বাচলের ৩০০ ফিট ক্রিকেটার্স একাডেমি মাঠ এবং বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে।
ক্রিকেটারদের এ+, এ, বি ও সি—এই চার গ্রেডে ভাগ করা হয়েছে। গ্রেড অনুযায়ী নির্ধারণ করা হবে খেলোয়াড়দের বেতন ও ম্যাচ ফি। সিসিডিএমের বয়সভিত্তিক কমিটির নির্বাচকরাই এই গ্রেডিং সম্পন্ন করেছেন।
সিসিডিএম চ্যালেঞ্জ কাপে অংশ নেওয়া দলগুলো হলো— দুরন্ত, দুর্বার, অদম্য, অদ্বিতীয়, অকুতোভয়, অনির্বাণ, অপরাজেয় ও অগ্রণী।