বিপিএলের ১২তম আসরের মেগা ফাইনালে আজ শিরোপার লড়াইয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। তবে মাঠের লড়াই শুরুর আগে দর্শকদের জন্য এক বিশেষ চমক বিপিএল এর হীরা খচিত ট্রফির উন্মোচন।
দুবাই থেকে বিশেষভাবে তৈরি হীরা খচিত এই ট্রফি তৈরিতে খরচ হয়েছে প্রায় ২৫ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ লাখ টাকা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের দুই সফল অধিনায়ক ২০১৮ সালের এশিয়া কাপ জয়ী নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন এবং ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলি হেলিকপ্টার থেকে ট্রফিটি নিয়ে নামবেন ৪টা ৪৫ মিনিটে মিরপুরের সবুজ গালিচায়।
ফাইনালের দুই অধিনায়ক শেখ মেহেদী হাসান (চট্টগ্রাম রয়্যালস) ও নাজমুল হোসেন শান্ত (রাজশাহী ওয়ারিয়র্স) যৌথভাবে এটি দর্শকদের সামনে উন্মোচন করবেন। ট্রফিটি দর্শকদের জন্য পুরো মাঠে প্রায় আধা ঘণ্টা ঘোরানো হবে। বিকেল ৫টা ৩০ মিনিটে টস অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যা ৬টায় ট্রফি জয়ের চূড়ান্ত মিশনে নামবে দুই দল।