বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। তবে বাংলাদেশের মুক্তিকামী, স্বাধীনতাকামী ও গণতন্ত্রকামী মানুষ সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এবং ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এ কারণেই বিজয় দিবস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে তিনি দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষকের প্রতি শ্রদ্ধা জানান।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের মাজারে দাঁড়িয়ে বিএনপি নেতাকর্মীরা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার শপথ নিয়েছেন।
মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ। তার সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গে তিনি বলেন, নির্বাসিত জীবন শেষে তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বলে তারা আশাবাদী। তার প্রত্যাবর্তন গণতন্ত্রের আন্দোলনকে আরও বেগবান করবে বলেও মন্তব্য করেন তিনি।