বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এতে করে ৭ জুন বিসিবি নির্বাচনে আর বাধা নেই।
বুধবার (৩ জুন) বিচারপতি আসিফ হাসান ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন, এডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও শফিকুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।
বিসিবি নির্বাচনের জন্য কাউন্সিলর মনোনয়ন চেয়ে বিভিন্ন ক্লাবের কাছে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে গত ১৮ মে ছয়জন কাউন্সিলর হাইকোর্টে একটি রিট দায়ের করেন। এর আগে গত ২ জুন একই বেঞ্চে এই রিট আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হয়েছিলো।
গত ৬ মে সাধারণ পরিষদ গঠন এবং পরিচালনা পরিষদ নির্বাচন ২০২৬ অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাধারণ পরিষদে কাউন্সিলরের নাম মনোনয়নের জন্য বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক বরাবর চিঠি পাঠান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা। সে চিঠি প্রত্যাহার ও নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে ১৮ মে রিটটি করেন আরমানুল ইসলাম নয়নসহ ছয়জন।
গত ১৬ মে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন ২০২৬ এর তফসিল ঘোষণা করা হয়। ওই বিজ্ঞপ্তিতে আগামী ৭ জুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। এরপর ১৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।