মধ্যপ্রাচ্যে আমেরিকা-ইসরায়েল ও ইরানের মধ্যকার সামরিক সংঘাত এক নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে। নিজেদের ভূখণ্ডে মার্কিন বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া হিসেবে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম নৌবহর ঘাঁটিতে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (১০ জুন) সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, তাদের ওপর মার্কিনিদের হামলার জবাবে পঞ্চম নৌবহরে হামলা চালানো হয়েছে এবং হামলা চলমান রয়েছে। আর এ হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও উল্লেখ করেছে বাহিনীটি।
গত সোমবার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ইরান এটি ভূপাতিত করেছে এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ইরানের উপকূলবর্তী বিভিন্ন জায়গায় হামলা চালায় মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড।
তারা এক বিবৃতিতে বলেছে, ইরান তাদের হেলিকপ্টার ভূপাতিত ছাড়াও পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে যে আগ্রাসন চালিয়েছে সেটির জবাবে সমানুপাতিক হারে হামলা চালানো হয়েছে।
বিপ্লবী গার্ডস এক বিবৃতিতে ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, বাহরাইনের পঞ্চম নৌবহরে চালানো এই ড্রোন হামলাটি কেবল শুরু। যুক্তরাষ্ট্র যদি তাদের এই অন্যায় ও উস্কানিমূলক সামরিক তৎপরতা অবিলম্বে বন্ধ না করে, তবে আগামীতে তাদের আরও বড় এবং অত্যন্ত কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
উল্লেখ্য, পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর আধিপত্য বজায় রাখতে বাহরাইনের রাজধানী মানামার কাছে অবস্থিত এই পঞ্চম নৌবহরকে আমেরিকার অন্যতম প্রধান সামরিক স্নায়ুকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়ালে এই বাহরাইন ঘাঁটিকে লক্ষ্য করে ব্যাপক আক্রমণ চালিয়েছিলো তেহরান।
সূত্র: আলজাজিরা
সূর্যয় / আয়না নিউজ