| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৬ জুন পবিত্র আশুরা

  • আপডেট টাইম: 16-06-2026 ইং
  • 178 বার পঠিত
২৬ জুন পবিত্র আশুরা

দেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। বুধবার (১৭ জুন) থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়। 

আশুরা আরবি শব্দ, যা মূলত ‘আশারা’ থেকে এসেছে। এর অর্থ হচ্ছে দশ। আরবি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখকে পবিত্র আশুরা বলা হয়। ইসলামের ইতিহাসে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত।  মহান আল্লাহ যেদিন আকাশ, বাতাস, পাহাড়-পর্বত, নদী-নালা, জান্নাত-জাহান্নাম, লাওহে মাহফুজ ও যাবতীয় সৃষ্টিজীবের আত্মা সৃষ্টি করেছিলেন, সেই দিনটি ছিল এই ১০ মহররম তথা পবিত্র আশুরার দিন।

হযরত নুহ (আ.) ৯৫০ বছর ধরে তাওহিদের বাণী প্রচারের পর যখন সেই যুগের মানুষ আল্লাহর বিধিনিষেধ পালনে অস্বীকৃতি জানান, তখন নেমে আসে আল্লাহর গজব। আশুরার দিনই হযরত ইব্রাহিম (আ.) শত বিধিনিষেধের মধ্যে জন্মগ্রহণ করেছেন। মুসা (আ.)এর নেতৃত্বে বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে আল্লাহ রক্ষা করেন এই দিনে। কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনাটিও (মহানবি মুহাম্মদ (সা.)এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) ও তার পরিবার এবং অনুসারীদের হত্যা) ঘটেছে এই দিনে। 

পবিত্র আশুরার অন্যতম প্রধান আমল হলো রোজা রাখা। আশুরার রোজা রাখার সঠিক নিয়ম হলো দুটি রোজা রাখতে হবে। মহররমের ১০ তারিখ একটি, আর এর সাথে মিলিয়ে আগের দিন অর্থাৎ ৯ মহররম অথবা পরের দিন অর্থাৎ ১১ মহররম আরও একটি রোজা রাখতে হয়।

এসব কারণে দিনটি বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয়ে থাকে।

আল রাজীব/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪