| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কানাডার বিশ্বকাপ মঞ্চে সঞ্জয় দেব-নোরা ফাতেহির ঝলক

  • আপডেট টাইম: 13-06-2026 ইং
  • 5909 বার পঠিত
কানাডার বিশ্বকাপ মঞ্চে সঞ্জয় দেব-নোরা ফাতেহির ঝলক

বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কানাডার টরন্টোতে। বর্ণাঢ্য এ অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন বলিউড তারকা নোরা ফাতেহি, বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী ও ডিজে সঞ্জয় দেব এবং ফরাসি গায়ক ভেজেড্রিম। তাদের প্রাণবন্ত পরিবেশনা দর্শকদের উচ্ছ্বাসে ভাসায়।

তিন আয়োজক দেশের বিশ্বকাপের অংশ হিসেবে মেক্সিকোতে প্রথম উদ্বোধনী আয়োজনের পর শুক্রবার রাতে কানাডায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় অনুষ্ঠান। টরন্টো স্টেডিয়ামে আয়োজিত এ সাংস্কৃতিক আয়োজনে সংগীত, নৃত্য ও আলোকসজ্জার সমন্বয়ে বিশ্বকাপ উৎসবকে বরণ করে নেয় স্বাগতিকরা।

অনুষ্ঠানের শুরুতে কানাডার আদিবাসী সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। কানাডিয়ান শিল্পী উইলিয়াম প্রিন্স ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্যের পরিবেশনার মাধ্যমে দর্শকদের স্বাগত জানান। এরপর মঞ্চে গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী অ্যালেসিয়া কারা।

তবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে নোরা ফাতেহি, সঞ্জয় দেব ও ভেজেড্রিমের যৌথ পরিবেশনা। ড্রাম বিট ও আধুনিক সুরের মিশেলে তাদের পরিবেশনা দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে। নোরা ফাতেহি বিশ্বকাপের অফিসিয়াল গান ‘সির সির’ পরিবেশন করে স্টেডিয়ামজুড়ে উৎসবের আবহ তৈরি করেন।

নোরা ফাতেহি এর আগেও ২০২২ সালের কাতার বিশ্বকাপের বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন। এবারও তিনি সংগীত, নৃত্য ও মঞ্চনৈপুণ্যের সমন্বয়ে দর্শকদের মন জয় করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও অংশ নেন কানাডার জনপ্রিয় শিল্পী অ্যালানিস মরিসেট, জেসি রেয়েজ, মাইকেল বুবলে, এলিয়ান্না এবং উইলিয়াম প্রিন্স। বৈচিত্র্যময় শিল্পীদের অংশগ্রহণে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় বিশ্বমঞ্চে তুলে ধরা হয়।

বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয় দেবের উপস্থিতি অনুষ্ঠানটিকে বিশেষ মাত্রা দেয়। শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয় দেবের শৈশব কেটেছে চট্টগ্রামে। পরে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়ে আন্তর্জাতিক সংগীত অঙ্গনে নিজের পরিচিতি গড়ে তোলেন তিনি। বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে তার অংশগ্রহণ বাংলাদেশি দর্শকদের মধ্যেও বাড়তি আগ্রহ সৃষ্টি করেছে।

আয়োজকরা জানান, এবারের অনুষ্ঠানের মূল বার্তা ছিল ঐক্য, বৈচিত্র্য এবং ফুটবলের মাধ্যমে বিশ্বকে একসূত্রে গেঁথে রাখা। খেলা শুরুর আগেই সংগীত, নৃত্য ও আলোর মনোমুগ্ধকর পরিবেশনায় বিশ্বকাপের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪