| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীমান্তে বাংলাদেশিদের ধাওয়ায় পিছু হটলো ভারতীয়রা, উত্তেজনা বকশীগঞ্জ সীমান্তে

  • আপডেট টাইম: 11-06-2026 ইং
  • 399 বার পঠিত
সীমান্তে বাংলাদেশিদের ধাওয়ায় পিছু হটলো ভারতীয়রা, উত্তেজনা বকশীগঞ্জ সীমান্তে

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে এক ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় শুধু বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে নয়, দুই দেশের সীমান্তবাসীদের মধ্যেও উত্তেজনা দেখা দেয়।

বুধবার (১০ জুন) সন্ধ্যায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর সীমান্ত এলাকায় দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বাংলাদেশি সীমান্তবাসীদের প্রতিরোধের মুখে ভারতীয় নাগরিকরা পিছু হটে যায়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় এক মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, সীমান্তের কাঁটাতারের দুই পাশ থেকে দুই দেশের লোকজন একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে। পরে বাংলাদেশি নাগরিকদের ধাওয়ার মুখে ভারতীয়রা সরে যেতে বাধ্য হয়।

স্থানীয় বাসিন্দা বাবু জানান, বিএসএফ প্রায়ই সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করে। তিনি বলেন, “আমরা বিজিবিকে সহযোগিতা করতে গেলে তারা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে। বিকেলে ভারতের কয়েকজন যুবক আমাদের লক্ষ্য করে ঢিল ছুড়লে আমরাও পাল্টা প্রতিরোধ গড়ে তুলি। পরে তারা পিছু হটে যায়।”

এ বিষয়ে জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, একজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছিল। বিজিবি তাকে ফেরত পাঠিয়েছে। বর্তমানে ওই ব্যক্তি শূন্যরেখায় অবস্থান করছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পাশের মানুষের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি সীমান্ত এলাকার বাসিন্দাদের শূন্যরেখা অতিক্রম না করার আহ্বান জানান এবং সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪