ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ডাকটিকিটের মোড়ক উন্মোচন করেন।
এ সময় প্রধানমন্ত্রী ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন। স্মারক প্রকাশনা উপলক্ষে বিশেষ সিলমোহরও ব্যবহার করা হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিশ্বকাপ ফুটবল-২০২৬ উদযাপন উপলক্ষে ডাক বিভাগ এ বিশেষ স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট ও ডাটা কার্ড প্রকাশ করেছে।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ থেকেই শুরু হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আয়োজনের ফিফা বিশ্বকাপ-২০২৬। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। তিনটি দেশের যৌথ আয়োজনে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার ঘটনাও এটি প্রথম।
হাফিজ/ আয়না নিউজ