| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদক সেবনে বাধা দেয়ার জেরে স্কুলছাত্র খুন

  • আপডেট টাইম: 11-06-2026 ইং
  • 382 বার পঠিত
মাদক সেবনে বাধা দেয়ার জেরে স্কুলছাত্র খুন

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদক সেবন ও কারবারের প্রতিবাদকে কেন্দ্র করে আরাফাত হোসেন ফাহিম (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। ঘটনার মূল অভিযুক্ত হারুনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের দেবিসিংহপুর গ্রামের হাজেরা দিঘী সংলগ্ন বেলাল মাস্টার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার মো. শাহজাহানের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবিসিংহপুর গ্রামের হাজেরা দিঘীর পেছনের একটি সেতুর ওপর দীর্ঘদিন ধরে হারুন, জাহাঙ্গীর, আবুল খায়ের ও মমিনের নেতৃত্বে মাদক সেবন ও কারবার চলছিল। কয়েকদিন আগে স্থানীয় তরুণরা এক মাদকসেবীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হারুনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে এলাকাবাসী মাদকবিরোধী অবস্থান গ্রহণ করলে সেখানে পাহারা বসানো হয় এবং মাদকের আড্ডা বন্ধ হয়ে যায়।

এ ঘটনার জেরে বুধবার রাতে আলী হায়দার ফাহিম, রিফাত ও সাকিবসহ কয়েকজন তরুণ এলাকায় অবস্থান করছিলেন। এ সময় হারুনের নেতৃত্বে একদল ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। হামলায় আলী হায়দার ফাহিমের বুকে ছুরিকাঘাত করা হয়, রিফাতের হাতের রগ কেটে দেওয়া হয় এবং সাকিব গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আরাফাত হোসেন ফাহিম ওইদিন সন্ধ্যায় তার নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন। পরে খালার বাড়িতে যাওয়ার পথে হাজেরা দিঘী এলাকায় একা পেয়ে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালী পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, মাদকসংক্রান্ত বিরোধের জেরেই এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মূল অভিযুক্ত হারুনকে আটক করেছে। ঘটনাস্থল থেকে একটি রক্তাক্ত ছোরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত বিচার এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪