পঞ্চগড়ে বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে পঞ্চগড় পৌরসভার রাজনগড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় বুধবার (১০ জুন) বিকেলে আহতদের একজন রেহেনা আক্তার পঞ্চগড় সদর থানায় নয়জনকে আসামি করে একটি লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে অভিযুক্তরা হলেন রাজনগড় নতুনবস্তি এলাকার মো. আলীফ, আজিজার রহমান জুয়েল, আব্দুর রহিম, আতিক, সজিব, আলিমুল, বৃষ্টি আক্তার, জুলি আক্তার ও আলো।
মামলার এজাহার ও বাদীপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, রাজনগড় এলাকার রেহেনা আক্তারদের সঙ্গে আজিজার রহমান জুয়েল পক্ষের দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে অভিযুক্তরা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রেহেনা আক্তার ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
হামলায় রেহেনা আক্তার, আব্দুল কুদ্দুস, তানজিনা, সুবর্ণা আক্তার ও রোকেয়া বেগম গুরুতর আহত হন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
প্রাথমিক চিকিৎসা শেষে রেহেনা আক্তার বুধবার বিকেলে পঞ্চগড় সদর থানায় অভিযোগ দায়ের করেন।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি এজাহার পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।