নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মদনপুর এলাকার মোস্তফা মিয়ার বাড়ির নিচতলার একটি ভাড়াটিয়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
দগ্ধরা হলেন— হযরত আলী (৮), মিম (১৩), সুলতানা (৩৫), আব্দুল মান্নান (৫০) এবং সিয়াম (১৯)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সুলতানার শরীরের ৯০ শতাংশ, সিয়ামের ৭৭ শতাংশ, মিমের ৪১ শতাংশ, আব্দুল মান্নানের ৩০ শতাংশ এবং হযরত আলীর ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজের কারণে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। সকালে কোনোভাবে আগুনের সূত্রপাত হলে বিস্ফোরণসদৃশ পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরিবারের সদস্যরা দগ্ধ হন।
তিনি আরও জানান, ঘটনাটির প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে ফায়ার সার্ভিস। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
হাফিজ/ আয়না নিউজ