ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি বড় সবজি বাজারে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ব্যবসায়ীদের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বাজারে উত্তেজনা সৃষ্টি হলে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বুধবার (১০ জুন) দুপুরে সহকারী কমিশনার (শিক্ষানবিশ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ শাখা) মো. সোলাইমান হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল ঝালকাঠি বড় সবজি বাজারে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে।
অভিযানকালে বাজারের বিভিন্ন অনিয়ম পরিদর্শন করা হয়। এ সময় ড্রেনের ওপর নির্মিত স্ল্যাবের অংশে কাঁচাবাজারের পণ্যসামগ্রী রাখা এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়টি প্রশাসনের নজরে আসে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবসায়ীদের সতর্ক করেন এবং বাজারের শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এসব নির্দেশনাকে কেন্দ্র করে একপর্যায়ে কয়েকজন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করেন। পরে তারা দোকানপাট বন্ধ করে বাজারের ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলেও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ব্যবসায়ীদের শান্ত করার চেষ্টা করেন এবং পরে সেখান থেকে চলে যান।
এরপর ব্যবসায়ীরা বাজারসংলগ্ন কালীবাড়ি সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন। অভিযোগ রয়েছে, এ সময় সড়কে ভ্যানে করে সবজি, ফল ও অন্যান্য মৌসুমি পণ্য বিক্রি করা কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীকে সেখান থেকে সরে যেতে বলা হয়।
বিক্ষোভকারী ব্যবসায়ীদের দাবি, বাজারে প্রায়ই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়। এতে তারা দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে এবং তাদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে তারা ঝালকাঠি পৌরসভার উদ্দেশ্যে পদযাত্রা করেন।
তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গাজী গিয়াস/ আল রাজীব/ আয়না নিউজ