মানিকগঞ্জ প্রতিনিধি: প্রবাসীযাত্রীরা বর্তমানে দেশের বিমানবন্দরে আগের চেয়ে অনেক ভালো সেবা পাচ্ছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা এমপি।
শনিবার (১৩ জুন) সকালে মানিকগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট সংলগ্ন হরিজন পল্লীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি হেলথ ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদেশ থেকে দেশে ফেরা যাত্রীরা যেন বিমানবন্দরে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেজন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, একজন যাত্রী বিমানবন্দরে পা রেখেই যেন অনুভব করতে পারেন যে তিনি নিজের দেশে ফিরে এসেছেন। সেবার মানোন্নয়ন ও যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেন স্থানীয় যুবক ও সামাজিক সংগঠনের সদস্যরা।
সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মানিকগঞ্জ জেলা এ কর্মসূচির আয়োজন করে। সার্বিক সহযোগিতায় ছিল জিয়া পরিষদ, মানিকগঞ্জ জেলা শাখা এবং জিয়া স্মৃতি পাঠাগার ।
অনুষ্ঠানে চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শাহীন তারেক/ আল রাজীব/ আয়ান নিউজ