ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক হজযাত্রীর সৌদি আরবে ফেলে আসা লাগেজকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলা সদরের কদমতলী এলাকায় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজনের মধ্যে থেমে থেমে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহপুর গ্রামের এক বৃদ্ধা চলতি বছর কসবা হজ কাফেলার মাধ্যমে হজ পালন করতে সৌদি আরব যান। দেশে ফেরার সময় তিনি একটি লাগেজ সৌদি আরবে ফেলে আসেন। পরে লাগেজটি ফিরিয়ে আনার জন্য গত বৃহস্পতিবার তার পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট হজ এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন এবং বিষয়টি নিয়ে চাপ প্রয়োগ করেন।
তবে হজ এজেন্সির পক্ষ থেকে জানানো হয়, ব্যক্তিগত লাগেজের দায়িত্ব সংশ্লিষ্ট হজযাত্রীর। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বৃদ্ধার স্বজনরা হজ এজেন্সির কার্যালয়ে ভাঙচুর চালান বলে অভিযোগ ওঠে।
এর জেরে শনিবার সকালে কদমতলী এলাকায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, “লাগেজ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ