| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মায়ের পচন ধরা লাশ :

বিতর্কের মধ্যেই দায়িত্ব থেকে সরানো হলো যুগ্ম সচিব আনিসুরকে

  • আপডেট টাইম: 03-06-2026 ইং
  • 1157 বার পঠিত
বিতর্কের মধ্যেই দায়িত্ব থেকে সরানো হলো যুগ্ম সচিব আনিসুরকে

রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনার মধ্যে তার ছেলে যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।

বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদ থেকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাকে নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে বলেও জানানো হয়।

এর আগে গত ৩১ মে মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে নূর জাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি দীর্ঘ সময় পড়ে থাকায় পচন ধরে এবং সেখানে পোকার উপস্থিতিও দেখা যায়। তিনি ওই বাসায় তার মেয়ের সঙ্গে বসবাস করতেন। স্থানীয়দের অভিযোগ, দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পুরো ফ্ল্যাটের অস্বাস্থ্যকর ও অবহেলিত পরিস্থিতি দেখা যায়। মরদেহ উদ্ধারের দৃশ্যও ব্যাপক আলোচনা তৈরি করে।

প্রতিবেশীদের মতে, একজন বৃদ্ধ নারী এভাবে নিঃসঙ্গ ও অবহেলিত অবস্থায় মৃত্যুবরণ করবেন—এটি অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।

জানা গেছে, নূর জাহান বেগমের তিন সন্তানই বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বুয়েট শিক্ষক এবং মেয়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন।

ঘটনার পর পরিবার ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একইসঙ্গে সামনে এসেছে ২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ আইন, যেখানে সন্তানের ওপর পিতা-মাতার দেখভাল, স্বাস্থ্যসেবা ও নিয়মিত খোঁজখবর রাখার বাধ্যবাধকতার কথা বলা হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪