মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘মিসেস ইন্ডিয়া কুইন পেহচান মেরি সিজন ফোর’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা গোবিন্দ। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় ভিড় ও পাপারাজ্জিদের উপস্থিতিতে হঠাৎ করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
ঘটনার সময় তার এক নিরাপত্তাকর্মী এক পাপারাজ্জিকে ধাক্কা দিলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং মুহূর্তেই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। তবে পরিস্থিতি দ্রুত শান্ত করেন স্বয়ং গোবিন্দ।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তিনি শান্তভাবে হস্তক্ষেপ করে নিজের নিরাপত্তাকর্মীকে থামতে বলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় তিনি পাপারাজ্জিকে উদ্দেশ্য করে বলেন, “ও আমার বন্ধু” এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। পরে সরাসরি পাপারাজ্জির কাছে গিয়ে ক্ষমা চান এবং পরিস্থিতি শান্ত করার অনুরোধ জানান।
ঘটনার পর সামাজিক মাধ্যমে গোবিন্দের আচরণ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই তার সংযত ও শান্তিপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। নেটিজেনদের একাংশ বলেন, চাপের মুহূর্তেও তিনি যে ধৈর্য ও মানবিকতা দেখিয়েছেন, তা প্রশংসনীয়।
১৯৮০-এর দশকে বলিউডে অভিষেক ঘটে গোবিন্দর। পরের দশকে ‘হিরো নাম্বার ওয়ান’, ‘কুলি নাম্বার ওয়ান’ ও ‘রাজা বাবু’সহ একাধিক জনপ্রিয় ছবির মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এক সময় কমেডি ধারার অন্যতম শীর্ষ তারকা হিসেবে পরিচিত এই অভিনেতাকে সর্বশেষ ২০১৯ সালের ‘রঙ্গিলা রাজা’ সিনেমায় দেখা গেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস