ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়–এর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জানা নায়গান’ অনলাইনে ফাঁসের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে রয়েছেন সিনেমাটির সহকারী সম্পাদক প্রশান্ত, পাশাপাশি সেলভাম ও বালাকৃষ্ণান নামের আরও দুই ব্যক্তি।
পুলিশের সাইবার ক্রাইম বিভাগ তাদের বিরুদ্ধে ডিজিটাল পাইরেসি ও অবৈধভাবে সিনেমা ফাঁসের অভিযোগে মামলা দায়ের করে প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেফতার দেখিয়েছে।
তদন্ত সূত্রে জানা গেছে, সিনেমাটির শুটিং অনেক আগেই শেষ হলেও এখনো এটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি। এর মধ্যেই গত ৩ এপ্রিল বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সিনেমাটি অবৈধভাবে ছড়িয়ে পড়ে, যা নিয়ে প্রযোজনা সংশ্লিষ্টদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়।
এইচ. বিনোথ পরিচালিত ছবিটি ২০২৬ সালের পোঙ্গল উৎসবে মুক্তি পাওয়ার পরিকল্পনা ছিল। তবে সিনেমার রাজনৈতিক বিষয়বস্তু ও বার্তা আসন্ন নির্বাচনে প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কায় সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র আটকে যায় বলে জানা গেছে। পরে মার্চে একটি বিশেষ প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হলেও সেন্সর বোর্ডের এক সদস্য অসুস্থ হয়ে পড়ায় তা বাতিল হয়, ফলে মুক্তি নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ে।
আরও পড়ুন :
তামিলনাড়ুর ‘থালাইভা’র আধ্যাত্মিক উপলব্ধি
সিনেমাটির প্রযোজক কে. ভেঙ্কট নারায়ণ জানিয়েছেন, সেন্সর সার্টিফিকেট পেলেই তারা ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে প্রস্তুত। তিনি আরও জানান, বিজয়ের অভিনয়জীবনের শেষ ছবি হিসেবেই ‘জানা নায়গান’কে দেখা হচ্ছে, কারণ তিনি রাজনীতিতে পুরোপুরি মনোযোগ দিতে বিনোদন জগৎ থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।
ছবিটিতে ববি দেওল, পূজা হেগড়ে, প্রকাশ রাজ এবং গৌতম বাসুদেব মেননের মতো তারকারাও অভিনয় করেছেন।
হাফিজ/ আয়না নিউজ