নারায়ণগঞ্জের ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১০টায় শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন নদী এলাকায় বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে নৌ পুলিশের টহলযান উল্টে মহসিন সরদার (৪৩) নামে এক নৌ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। খুলনা জেলার পাইকগাছা থানার গোপালপুর এলাকার বাসিন্দ নিহত মহসিন সরদার বাগেরহাট জেলা থেকে নৌপুলিশে সংযুক্ত ছিলেন।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে এসআই মকবুল হোসেনের নেতৃত্বে চার কনস্টেবলসহ একটি টহলদল ডাকাতি প্রতিরোধে নদীতে রাতে টহল দেয়ার সময় ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে টহলযানটির সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষ হলে নৌযানটি উল্টে যায়। টহলদলের সদস্যরা সাঁতরে পাশের আরেকটি বাল্কহেডে উঠে প্রাণে রক্ষা পেলেও কনস্টেবল মহসিন সরদার গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন-
নাটোরে পরিবহন শ্রমিকদের পরিবারের মাঝে মৃত্যুকালীন আর্থিক সহায়তা বিতরণ
নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশের উপপরিদর্শক হাবিবুর রহমান খান জানিয়েছেন, ‘রাতে অবৈধভাবে বাল্কহেডগুলো নদীতে চলাচল করার সময় অন্ধকারে টহলরত নৌ পুলিশের বোটের সঙ্গে বাল্কহেডের দুর্ঘটনায় একজন কনস্টেবল গুরুতর আহত হয়ে মৃত্যু বরণ করেন। বাল্কহেডটিকে শনাক্ত করা যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এফ এ/আয়না