বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ আমের বাজার রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর আম হাট সশরীরে পরিদর্শন করে সেখানকার তাজা আমের চমৎকার স্বাদে মুগ্ধতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
মঙ্গলবার (১৬ জুন) সকালে তিনি পুঠিয়ার ওই ঐতিহ্যবাহী হাটে এসে বিভিন্ন আমের আড়ত ও খুচরা দোকানগুলো ঘুরে দেখেন। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান ও পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ড সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে হাটে বিক্রি হওয়া বিভিন্ন জাতের আম সম্পর্কে খোঁজখবর নেন মার্কিন রাষ্ট্রদূত।
পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন,রাষ্ট্রদূত হিসেবে এটি আমার প্রথম রাজশাহী সফর। ২০২০ সালে একবার এখানে এসেছিলাম। তবে এবার বিশেষভাবে আমের মৌসুমে এসেছি, কারণ আমি রাজশাহীর বিখ্যাত আমের স্বাদ নিতে চেয়েছিলাম। এখানে আসতে পেরে আমি সত্যিই আনন্দিত।
আমি যুক্তরাষ্ট্রের একটি কৃষিপ্রধান অঙ্গরাজ্য থেকে এসেছি। কোনো পণ্য যেখানে উৎপাদিত হয়, সেখানে গিয়ে সেটি দেখার ও উপভোগ করার অভিজ্ঞতার কোনো তুলনা নেই। সেখানে সবচেয়ে তাজা, সবচেয়ে বৈচিত্র্যময় এবং সেরা পণ্যগুলো দেখার সুযোগ মেলে বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্রে আমরা বেশিরভাগ সময় হিমায়িত আম পাই এবং তা শেক বা বিভিন্ন খাদ্যপণ্যে ব্যবহার করি। বাংলাদেশের মতো এতো তাজা আম সেখানে সহজে পাওয়া যায় না বলে জানান রাষ্ট্রদূত।
হিমায়িত আম আন্তর্জাতিক বাজারে রফতানির জন্য অত্যন্ত উপযোগী। সারা বছর আমের প্রাপ্যতা নিশ্চিত করতে এবং রফতানি বাড়াতে কোল্ড চেইন অবকাঠামোর উন্নয়ন জরুরি বলেও জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।
মার্কিন রাষ্ট্রদূতের এমন সফর তাদের জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়। এই কূটনৈতিক সফরের মাধ্যমে রাজশাহীর সুস্বাদু আম আন্তর্জাতিক অঙ্গনে আরও নতুন করে পরিচিতি লাভ করবে এবং বিদেশি বাজারে এর বাণিজ্যিক চাহিদাও বহুগুণ বৃদ্ধি পাবে বলে জানান বানেশ্বর হাটের আম ব্যবসায়ীরা।
আল রাজীব/ আয়না নিউজ