যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে মার্কিন সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার (৪ মে) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গ্রহণ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে যাতে এ হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত হয়। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে অপর নিহত শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
এ সময় লিমনের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল ৮টা ৪৭ মিনিটে ঢাকায় অবতরণ করে। মরদেহ গ্রহণ শেষে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, লিমনকে তার গ্রামের বাড়ি জামালপুরে দাফন করা হবে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ এবং ৩০ এপ্রিল ফরেনসিক পরীক্ষার মাধ্যমে বৃষ্টির মরদেহ শনাক্ত করা হয়।
এ ঘটনায় জামিলের রুমমেট হিশাম আবুঘেরহেকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, লিমনকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করে হত্যা করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে, আগামী বুধবার (৬ মে) যুক্তরাষ্ট্রে নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা শেষে তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।
হাফিজ/ আয়না নিউজ