মরণব্যাধি খাদ্যনালির ক্যানসার বাসা বেঁধেছে অভিনেতা তারিকুজ্জামান তপনের শরীরে। যার প্রাণবন্ত উপস্থিতি ছিল শুটিং সেটে তার জীবনের চিত্রনাট্যটাই যেন আচমকা বদলে গেছে। রাজধানীর আফতাবনগরের নিজ বাসায় তীব্র যন্ত্রণায় শয্যাশায়ী তিনি।
তপনের শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে স্ত্রী সাবিনার কণ্ঠে অসহায়তার সুর। গত বছরের ডিসেম্বরে খাদ্যনালির ক্যানসার ধরা পড়ার পর পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান ক্যানসারটি চতুর্থ ধাপে পৌঁছে গেছে। কিছুই খেতে পারেন না। সারাক্ষণ বমি হয়। সারা দিন শুয়ে থাকেন, শরীরে প্রচণ্ড ব্যথা। তিনটি কেমোথেরাপি দেওয়া হয়েছে।
আরও পড়ুন-
নিজেদের জীবনের গল্পে অনন্ত-বর্ষা
তারিকুজ্জামানের ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে গিয়ে আর্থিকভাবে ভেঙে পড়া পরিবারটি হিমশিম খাচ্ছেন। বেসরকারি হাসপাতালে ভর্তি করাতে অনেক খরচ। তাই পিজিতে নেওয়ার চেষ্টা করা হলেও সিট না থাকায় ভর্তি করানো সম্ভব হয়নি। চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য না থাকায় সরকার ও শিল্পীসমাজের সহযোগিতার দিকে তাকিয়ে পরিবারটি।
ছোট পর্দা ও চলচ্চিত্রে নিয়মিত মুখ তারিকুজ্জামান তপন কমেডি চরিত্রে তার স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছিল। টেলিভিশন নাটক ও সিনেমা দুই মাধ্যমেই সমানভাবে কাজ করেছেন তিনি। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’ ও ‘যা ছিল অন্ধকারে’। আর টেলিভিশন নাটকের মধ্যে উল্লেখযোগ্য ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’।
এফএ/ আয়না