‘সরকে চুনর তেরি’ নোরা ফাতেহির নতুন গান নিয়ে বিতর্ক থামছে না। ভারতের জাতীয় মহিলা কমিশন পর্যন্ত জল গড়িয়েছে গানটির কুরুচিপূর্ণ কথা এবং দৃশ্যায়ন নিয়ে। এই ঘটনায় গত ৭ এপ্রিল নোরাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি সেখানে উপস্থিত হননি।
এই আইটেম গার্ল হাজিরা এড়ালেও পার পাচ্ছেন না। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রহাটকরের নেতৃত্বে অনুষ্ঠিত এই বিশেষ শুনানিতে নোরার অনুপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে কমিশন তাকে শেষবারের মতো সশরীরে হাজির হওয়ার সুযোগ দিয়েছে। কমিশনের পক্ষ থেকে আগামী ২৭ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। শুধু নোরাই নন একই ইস্যুতে বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। তাকে আগামী ৮ এপ্রিল আলাদাভাবে তলব করেছে কমিশন।
বিতর্কিত গানটির গীতিকার রাকিব আলম, পরিচালক প্রেম এবং প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশনসের প্রতিনিধি গৌতম কেএম ও সুপ্রীত মঙ্গলবার এ শুনানিতে উপস্থিত থাকায় এক পর্যায়ে গানের কথা ও সুর নিয়ে তীব্র ক্ষোভ ঝাড়েন বিজয়া রহাটকর।
এদিকে ছবির নির্মাতারা কমিশনের এমন কঠোর অবস্থানের মুখে নতি স্বীকার করে তারা ইতোমধ্যেই জাতীয় মহিলা কমিশনের কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে এমন বিষয়বস্তু নির্মাণে আরও সতর্ক থাকারও আশ্বাস দিয়েছেন তারা।
এফ এ / আয়না টিভি