ঈদে মুক্তিপ্রাপ্ত দম সিনেমার প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল)-এর সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি সংস্থাটির পরিচালক মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে কমিশনের বিশ্বাস জন্মেছে যে, শাহরিয়ার করিম ভূঁইয়া জ্ঞাত আয়ের বাইরে নামে-বেনামে বিপুল সম্পদ অর্জন করেছেন।
নোটিশে তাকে নিজের, তার স্ত্রীর এবং নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে থাকা সকল স্থাবর ও অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস এবং সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণী দাখিল করতে বলা হয়েছে। আদেশ প্রাপ্তির ২১ কর্মদিবসের মধ্যে এই বিবরণী কমিশনে জমা দিতে হবে।
দুদক আরও উল্লেখ করেছে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা তথ্য প্রদান করা হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, শাহরিয়ার শাকিল প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিও-এর স্বত্বাধিকারী এবং এসভিএফ-আলফা আই প্রোডাকশন-এর সহপ্রতিষ্ঠাতা। তার প্রযোজনায় নির্মিত ‘দম’ সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো ও পূজা চেরী।
হাফিজ/ আয়না নিউজ