| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রমবাজার নিয়ে সুখবর দিলো মালয়ে‌শিয়া

  • আপডেট টাইম: 09-04-2026 ইং
  • 205 বার পঠিত
শ্রমবাজার নিয়ে সুখবর দিলো মালয়ে‌শিয়া

প্রয়োজন অনুযায়ী বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় শ্রম বাজার খোলার বিষ‌য়ে রা‌জি হ‌য়ে‌ছে মাল‌য়ে‌শিয়া। বৃহস্প‌তিবার (৯ এ‌প্রিল) পুত্রজায়ায় বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে শ্রম অভিবাসন নি‌য়ে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখা‌নে উভয় পক্ষ দ্রুত সম‌য়ের ম‌ধ্যে শ্রম বাজার খোলার বিষ‌য়ে সম্মত হ‌য়ে‌ছে। দেশটির মানবসম্পদ মন্ত্রী দাতো রমনন রামকৃষ্ণন বৈঠ‌কে মালয়েশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আর বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন তার সঙ্গে ছিলেন।

মাল‌য়ে‌শিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় প্রতি‌নি‌ধিদ‌লের বৈঠ‌কের পর এক যৌথ বিবৃতিতে জানায়,একটি স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও বাস্তবসম্মত কাঠামোর মাধ্যমে সহযোগিতা জোরদার করার বিষয়ে উভয় পক্ষ তাদের যৌথ অঙ্গীকার ব্যক্ত করেছে, যা বিদ্যমান নিয়োগ সংক্রান্ত প্রতিবন্ধকতাগুলো মোকাবিলার পাশাপাশি নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করবে।  

মালয়েশিয়ার খাতভিত্তিক চাহিদার ওপর ভিত্তি করে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রম বাজার পুনরায় খোলার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং একটি ন্যায্য, নৈতিক ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে উভয় পক্ষ সম্মত হয়েছে। অভিবাসন খরচ কমানো,কাঠামোগত প্রতিবন্ধকতা মোকাবিলা,বিশ্বাসযোগ্য ও যোগ্য নিয়োগকারী সংস্থা এবং আটকে পড়া শ্রমিকদের নিয়োগ দ্রুত সহজতর করার জন্য ব্যবস্থা গ্রহণ করা এর মধ্যে উল্লেখযোগ্য।

বৈঠকে মালয়েশিয়ার পক্ষ থেকে সব উৎস দেশের জন্য প্রযোজ্য একটি প্রযুক্তি-চালিত, এআই-ভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালুর উদ্যোগ সম্পর্কে অবহিত করা হয়। এর লক্ষ্য হলো মধ্যস্থতাকারী কমানো, অভিবাসন খরচ হ্রাস করা এবং নিয়োগকর্তারা যেন নিয়োগের সম্পূর্ণ খরচ বহন করেন তা নিশ্চিত করা, যার ফলে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নির্দেশিকা অনুযায়ী ‘নিয়োগকর্তাই অর্থ প্রদান করবেন’ নীতির সঙ্গে সঙ্গতি রেখে শ্রমিকদের জন্য খরচ শূন্য হবে। বাংলাদেশের পক্ষ থেকে অন্যান্য সব প্রেরণকারী দেশকে সম্পৃক্ত করে একটি বৈশ্বিক উদ্যোগ হিসেবে এই ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম বাস্তবায়নে পূর্ণ সমর্থন ও সহযোগিতার প্রস্তুতি ব্যক্ত করা হয়।

উভয়পক্ষ অনিয়মিত কর্মীদের সম্মুখীন হওয়া প্রতিবন্ধকতা মোকাবিলা এবং শ্রম সরবরাহকে বাজারের চাহিদার সঙ্গে আরও ভালোভাবে সমন্বয় করতে ও উৎপাদনশীলতা উন্নত করার লক্ষ্যে দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, সনদপত্র প্রদান এবং তথ্য আদান-প্রদানে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর শ্রমবাজার নিয়ে আলোচনা করতে প্রবাসী কল্যাণমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপ‌দেষ্টার এ‌টিই প্রথম বিদেশ সফর। 



এফ এ / আয়না টিভি     

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪