নির্মাতা শঙ্খ দাশগুপ্ত চা-বাগানের শ্রমিকদের প্রাত্যহিক জীবন,অধিকার আর জীবনসংগ্রামের গল্প নিয়ে নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘চা গরম’। পহেলা বৈশাখে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়া চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির, পার্থ শেখ, রেজওয়ান পারভেজ ও এ কে আজাদ সেতুসহ আরও অনেকে।
নাটক-সিনেমায় সাধারণত চা-বাগানকে শুধু সুন্দর প্রেক্ষাপট হিসেবে ব্যবহার করা হয়।‘চা গরম’ সেই প্রথা ভেঙে শ্রমিকদের যাপিত জীবনের ভেতরকার গল্প ও কঠিন বাস্তবতাকে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে জানান শঙ্খ দাশগুপ্ত। নির্মাতা চিত্রনাট্যকার সাইফুল্লাহ রিয়াদের এই গল্পটিকে ফুটিয়ে তুলতে বেশ কিছুদিন চা-বাগানে অবস্থান করে শ্রমিকদের জীবন পর্যবেক্ষণ করেছেন।
এই চলচ্চিত্রে যুক্ত হওয়া প্রসঙ্গে সাফা কবির বলেন, পরিচালক শঙ্খ দাশগুপ্ত মানেই সব সময় ভিন্নধর্মী গল্প এবং তার সাথে অত্যন্ত শক্তিশালী চিত্রনাট্য যা সমাজের এমন একটি দিককে তুলে ধরেছে যেটা আমাদের খুব কাছে থাকলেও সচরাচর দেখা হয় না। অভিনেতা পার্থ শেখ মনে করেন এমন ব্যতিক্রমী গল্প ও চরিত্রে কাজ করার সুযোগ পাওয়া তার জন্য বড় অনুপ্রেরণার। অভিনেত্রী সারাহ জাবিন অদিতি বলেন,চা-বাগানের জীবনের রূঢ় বাস্তবতাগুলো অত্যন্ত সাবলীলভাবে চিত্রায়ন করা হয়েছে যা দর্শকমহলে বিশেষ সাড়া ফেলবে।
এফ এ / আয়না টিভি